ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৬:২২:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাধারণ রোগীর চিকিৎসা না দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগীদের চিকিৎসা প্রদানে তিন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের পর থেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া দীর্ঘদিন ধরে কিডনি ডায়ালাইসিসসহ চিকিৎসা গ্রহণ করে রোগীরা সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণে বাধার সম্মুখীন হচ্ছেন।

এমতাবস্থায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য নিম্নোক্ত নির্দেশনা জারি করা হয়েছে-

১. বেসরকারি হাসপাতাল/ক্লিনিকসমূহে সন্দেহভাজন করোনা রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে।

২. চিকিৎসাসেবা থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসার জন্য আগত কোনো রোগীকে ফেরত দেয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদফতরের করোনা হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে।

৩. দীর্ঘদিন ধরে যেসকল রোগী কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন তারা করোনা আক্রান্ত না হয়ে থাকলে তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

এ নির্দেশনাগুলোর ব্যত্যয় ঘটলে বা কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়।

-জেডসি