করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, নতুন আক্রান্ত ৯৬৯
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৫২ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার
করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, নতুন আক্রান্ত ৯৬৯
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছে ১১ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৯৬৯ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত বেড়ে ১৬ হাজার ৬৬০ জনে দাঁড়াল, মোট মৃত্যু ২৫০ জন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৬ হাজার ৮৪৫টি। নমুনা পরীক্ষা করেছি ৬ হাজার ৭৭৩টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৯ হাজার ৬৯ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬৬০ জন।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১১ জন। দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু দাঁড়ালো ২৫০ জন।’
নতুন করে মারা যাওয়া ১১ জনের মধ্যে সাতজন পুরুষ এবং চারজন নারী বলে জানান নাসিমা সুলতানা। ঢাকার পাঁচজন, নারায়ণগঞ্জ ও নরসিংদীর একজন করে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুজন করে মারা গেছেন।
এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।
এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৩৪ জন, মৃত্যু হয় ১১ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয় ৮৮৭ জন, মারা যায় ১৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
