যুক্তরাষ্ট্রে করোনায় মৃত ৮৩ হাজার, আক্রান্ত ১৪ লাখ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৩ মে ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।দীর্ঘ হচ্ছে লাশের সারি। তবে আশার আলো দেখছে যুক্তরাষ্ট্র। করোনার কেন্দ্র হয়ে ওঠার পর মৃত্যু সংখ্যা ধীরে ধীরে কমে আসছে।করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮ হাজার ৬৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৪২৫ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৭৪৬ জন।
মঙ্গলবার একদিনে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ১৬৩০ জনের, আক্রান্ত হয়েছেন ২২ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৭৫ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৬৫৫ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে মৃত্যু হয়েছে ৯৫৪১ জনের, আক্রান্ত এক লাখ ৪২ হাজার ৭৯ জন।
বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯২ হাজার ৮৮৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৪২ হাজার ৩৩৫ জন। অপরদিকে ১৬ লাখ ২ হাজার ৪৩৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
-জেডসি
