ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:৫৭:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ছাড়াল ৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সারাবিশ্বে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে চার মাসে প্রাণহানির সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকাকে মৃত্যুপুরীতে পরিণত করা করোনার তাণ্ডব এখনও চলছে।

চীনে এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে জানুয়ারির শেষের দিকে। প্রাণঘাতী এই ভাইরাস দ্রুত চীনের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বিপদ ঘনিয়ে আসছে জেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস সংক্রমণকে গত ১১ মার্চ মহামারি ঘোষণা দিয়ে বিশ্বকে সতর্ক করে দেয়।

শতাব্দীর ভয়াবহ যমদূত হিসেবে হাজির হওয়া করোনা প্রতিদিন লাশের সারিতে যুক্ত করেছে হাজার হাজার মানুষের নাম। ভাইরাসটির কোনও চিকিৎসা এখনও খুঁজে পাননি চিকিৎসা বিজ্ঞানীরা। তবে আশার বাণী প্রতিনিয়ত শোনাচ্ছেন করোনার ভ্যাকসিন ও প্রতিষেধক তৈরির শতাধিক প্রকল্পের গবেষকরা।

কিন্তু বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, হয়তো এই ভাইরাস কখনই নির্মূল হবে না। প্রাণঘাতী এইডসের মতো এই ভাইরাসকে সঙ্গী করেই হয়তো চলতে হবে মানব সভ্যতাকে।

এইডস শনাক্তের ৩৯ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এর কোনও ভ্যাকসিন কিংবা প্রতিষেধক এখনও আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। ১৯৮১ সালে এইডস প্রথমবারের মতো শনাক্ত হয়; সেই সময় মাত্র দুই বছরের মধ্যে এর ভ্যাকসিন তৈরি করা হবে বলে মার্কিন বিজ্ঞানীরা ঘোষণা দিলেও এখনও তা আলোর মুখ দেখেনি।

করোনাভাইরাস প্রতিনিয়ত রূপ বদলিয়ে লাখ লাখ প্রাণ কাড়ছে। বিজ্ঞানীরা চলতি বছরের শেষের দিকে করোনার ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে আশার বাণী শোনালেও ৩ কোটি ২০ লাখের বেশি প্রাণ কেড়ে নেয়া এইডসের মতো এই ভ্যাকসিন নাও মিলতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তারা।

আশা-নিরাশার এমন দোলাচলে প্রাণ কাড়ার মিশনে থেমে নেই করোনাভাইরাস। চীনে গত বছরের ডিসেম্বরে নতুন এই ভাইরাস মাত্র ৪ হাজার ৬৩৩ জনের প্রাণ কাড়লেও মৃত্যুপুরীতে পরিণত করেছে আমেরিকা এবং ইউরোপকে।

বৃহস্পতিবার এই প্রতিবেদন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৭০ হাজারের বেশি। এরমধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই আক্রান্ত ১৪ লাখ ৩২ হাজার ৮৬ জন। এছাড়া করোনা কেড়ে নিয়েছে ৩ লাখের বেশি প্রাণ।

-জেডসি