ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:১৮:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী চিকিৎসককে ভেতরে রেখে ফ্ল্যাটে তালা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১৬ মে ২০২০ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছিলেন এক নারী চিকিৎসক। আক্রান্ত হওয়ার পর করোনার সঙ্গে যুদ্ধ করে সুস্থ হলেও তার বাড়ি ফেরা অনিশ্চিত ছিল। বাসায় না ফেরার হুমকিতে কাজ না হওয়ায় ওই নারী চিকিৎসককে নিজ ফ্ল্যাটে আটকে রেখেছিল তার প্রতিবেশী।

ভারতের দিল্লিতে এমন ঘটনা ঘটেছে। আজ শনিবার এমনই সংবাদ প্রকাশ করেছে দেশটির বহুল জনপ্রিয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জে নিজ ফ্যাটে আসেন ওই নারী চিকিৎসক। আসার পর তাকে তার ফ্ল্যাট ছেড়ে চলে যেতে হুমকি দেন কয়েকজন প্রতিবেশী। এ সময় ওই নারী চিকিৎসককে অপমান ও লাঞ্ছনার শিকারও হতে হয়।

এত কিছুর পরে ওই নারী চিকিৎসক তার ফ্ল্যাটে ঢুকলে তাকে ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেয় প্রতিবেশীরা।

পরে ওই নারী পুলিশের কাছে দায়ের করে অভিযোগে বলেন, বুধবার সাড়ে ৪টা নাগাদ মনিস নামে তার প্রতিবেশী তার ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে বলেন, ‘আমিও দেখব তুই বাইরে কীভাবে যাস। এবার তো তোকে এখান থেকে যেতেই হবে, যাকে কল দিতে হয় দে।’

এর আগে ভারতের অন্ধ্র প্রদেশ এবং মেঘালয়ের সিলংয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া দুই চিকিৎসকের মৃতদেহ সৎকারে বাঁধা দিয়েছিল স্থানীয়রা।

আক্রান্তের দিক থেকে সারা বিশ্বে ভারতের অবস্থান ঠিক দশের পরেই। ভারতে এখন পর্যন্ত ৮৫ হাজার ৯৪০ জন এই মহামারিতে আক্রান্ত হয়েছে আর এখন পর্যন্ত মারা গেছে দুই হাজার ৭৫৩ জন।