ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:২০:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার শুরুতেই ‘নমুনা নষ্টের’ কথা স্বীকার করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৭ মে ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রথম থেকেই প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পরার পেছনে চীনের হাত রয়েছে এমনটাই মনে করে আসছে অনেক দেশ। যুক্তরাষ্ট্র বারবারই এই কথার ওপরই জোর দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বেশ কয়েকবার দাবি করেছেন যে, করোনাভাইরাসের নমুনা ধ্বংস করে ফেলেছে চীন। এবার পম্পেওর এমন অভিযোগই স্বীকার করে নিল বেইজিং। চীন জানিয়েছে, প্রথমদিকের কিছু নমুনা তারা নষ্ট করে ফেলেছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা লিউ ডেংফেং জানিয়েছেন, গত জানুয়ারি মাসে সরকার করোনাভাইরাসের নমুনা নষ্ট করে ফেলার নির্দেশ দিয়েছিল। অনুমোদিত নয় এমন ল্যাবে এগুলো নষ্ট করে ফেলতে বলা হয়েছিল।

তবে ওই কর্মকর্তার দাবি, করোনাভাইরাসের প্রমাণ লোপাটের জন্য নমুনা নষ্ট করে ফেলা হয়নি। গবেষণাগারের সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। চীনের স্বাস্থ্য বিষয়ক আইন অনুযায়ী, এগুলো নষ্ট করা হয়েছে বলে জানানো হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে মারাত্মকভাবে ছড়াতে শুরু করলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা ধরনের অভিযোগ তোলেন। সম্প্রতি সরাসরি দুই দেশের মধ্যকার সব ধরনের সম্পর্ক ভেঙে দেয়ার হুমকি দিয়েছেন তিনি।

মার্কিন একটি নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমরা অনেক কিছুই করতে পারি। আমরা সব সম্পর্ক শেষ করতে পারি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, উহানের একটি ল্যাবরেটরি থেকেই এই প্রাণঘাতী ভাইরাসের উৎপত্তি। তার দাবি, এই বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে।

তবে চীন বারবারই এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। লিউ এদিনের সংবাদ সম্মেলনেও একই কথা বলেন, আমরা সব সময় বিশেষজ্ঞদের নিয়ে রোগটি মোকাবিলা করার চেষ্টায় ছিলাম। কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে কথা বলছে সেটি অগ্রহণযোগ্য।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, চীনা ল্যাব করোনাভাইরাস ছড়িয়েছে, এমন প্রমাণ যুক্তরাষ্ট্র এখনো দিতে পারেনি।

-জেডসি