করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১৮ মে ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মজিবুর রহমান তালুকদার। তিনি উপ-পরিদর্শক (এসআই) ছিলেন।কর্মরত ছিলেন স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবিতে (পল্টন জোন-১)।
সোমবার সকাল ৯টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে পুলিশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে।
মজিবুর রহমানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামে। তবে তিনি পরিবার নিয়ে বগুড়াতে থাকতেন। পুলিশের এই সদস্য দুই ছেলে ও এক মেয়ের বাবা।
পুলিশ সদরদপ্তর জানায়, গত ১১ মে করোনা পজেটিভ হলে মুজিবুর রহমানকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
সদরদপ্তর আরো জানায়, পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ বগুড়ায় পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।
-জেডসি
