জনপ্রিয়তায় এগিয়ে লনের থ্রি-পিস ও ‘পালাজ্জো’
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৩ জুলাই ২০১৪ রবিবার | আপডেট: ১১:৪৩ এএম, ১৪ জুলাই ২০১৪ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সোনিয়া আর তিথি হণ্যে হয়ে ঘুরছে মার্কেটে মার্কেটে। পছন্দনীয় একটি পালাজ্জো কিনতে। বেশ কয়েকটি ড্রেস দর্জির দোকানে দিলেও এবারের ঈদে পছন্দের পালাজ্জো কিনতে তারা সকালেই বেরিয়ে গেছে। রোজার শুরুর দিকেই তারা কিনে ফেলতে চায় নিজের মনের মতো ঈদ পোশাকাটি। বেশ ঢোলা ডিভাইডার আদলের প্যান্ট পালাজ্জো। সোনিয়া জানালেন এবারের ঈদে পালাজ্জো কিনতে হবেই। এছাড়া লনের থ্রি-পিস তো থাকছেই। শুধু এই দুই বন্ধুই নয় রাজধানীর অধিকাংশ তরুণীই লনের থ্রি-পিসের দিকেই বেশি ঝুঁকছেন। এছাড়া নতুন ধরনের এই পালাজ্জোর সাথে কামিজ বা টপস অনায়াসেই পরে নেওয়া যায়। গত বেশ কয়েক বছরে বাংলাদেশে এটা যেন ট্রেন্ড হয়ে গেছে। আর এ দিকটায় লক্ষ্য রেখে বরাবরের মতো এবারও পালাজ্জো আর লনের সালোয়ার কামিজে ছেয়ে গেছে মহানগরীর বিপনী কেন্দ্রগুলো। ব্যবসায়ি ও ডিজাইনারের বলছেন, মেয়েদের মধ্যে এবার সবচেয়ে বেশি চলবে লনের সালোয়ার কামিজ আর পালাজ্জো। তারা বলছেন লনের পোশাকের হাতা ও ওড়নাটি সিল্ক অথবা জর্জেট আর পোশাকটি খুব আরামদায়ক হওয়ায় বেশিরভাগ নারীই এই থ্রি-পিস কিনছেন। রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে এর সত্যতা মিলেছে। পালাজ্জো আর লনের কামিজের ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে তরুণী ক্রেতাদের মাঝে। আড়ং, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, রাপা প্লাজা, মেট্রো শপিং মল, ইয়েলো, ইস্টার্ণ প্লাজা, টুইন টাওয়ারসহ রাজধানীর অভিজাত শপিং মলগুলোতে দোকানে দোকানে সাজিয়ে রাখা হয়েছে এই পোশাক। এছাড়া দোকানগুলোতে লম্বা কাটিংয়ের কামিজ এবারও দেদারসে বিক্রি হচ্ছে। সালোয়ার-কামিজের জনপ্রিয়তা এবারও অব্যাহত থাকছে। জর্জেট, শিপন, এন্ডি, তশর, সিল্ক কাপড়ের ওপর চুমকি. জড়ি, পুঁতি ও স্টোনের কাজ করা এসব পোশাকগুলো মন কাড়ছে তরুণীদের। গরমের কারণে সুতি, এন্ডি. তাঁত কাপরের জনপ্রিয়তা এবার অনেক বেশি। তসর এবং ক্রেপ কাপড়েও তৈরি করা হচ্ছে আধুনিক ডিজাইনের সালোয়ার কামিজ। পোশাকে বৈচিত্র আনতে বসানো হচ্ছে নানা রঙের পাথর ও ইয়োগ। এছাড়াও ভেজিটেবল ডাইংয়ের মাধ্যমে করা হয়েছে রুচিশীল ডিজাইন। সালোয়ার-কামিজের পাশাপাশি টিনএজ মেয়েদের মধ্যে এবার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ফতুয়া আর জিন্স। পাকিস্তানি এবং ভারতিয় কাপড়ের পাশাপাশি দেশীয় কাপড় এ প্রজšে§র ছেলেমেয়েদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আগের মতো বিদেশী পোশাকের প্রতি ঝোক নেই এ প্রজšে§র তরুণ-তরুণীদের। দেশীয় কাপড়ের উন্নত মান আর রুচিশীল ডিজাইনই এই জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করছেন ফ্যশান ডিজাইনারা। এ প্রসঙ্গে ফ্যাশন হাউজ রঙ এর স্বত্বাধিকারি ও ডিজাইনার বিপ্লব সাহা বলেন, এবার ঈদ যখন পালিত হচ্ছে তখন প্রচুর গরম থাকছে। এদিকটায় লক্ষ্য করে আমরা হালকা এবং চোখের আরাম হয় এমন সব রঙের পোষাক ছাড়ছি। গরমের কারণে সুতি ঘরনার পোশাকই বেশি জনপ্রিয়তা পাবে।
১৩.০৭.২০১৪
