ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৯:১২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫ শনিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিঁধ কেটে ঘরে ঢুকে রেজিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর আমতলী গ্রামে এই ঘটনা ঘটে।
শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। নিহত রেজিয়া বেগম ঐ গ্রামের শাহ আলম মিয়ার স্ত্রী। পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা যায়, শাহ আলম ও তার বড় ছেলে সিলেটের একটি বেকারিতে কাজ করেন এবং সেখানেই থাকেন। ছোট ছেলে মাসুক মিয়াকে (১০) নিয়ে রেজিয়া বেগম রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। একদল দুর্বৃত্ত গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে মা ও ছেলের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এক পর্যয়ে ছেলের সামনেই রেজিয়া বেগমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে শিশুটি চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তার রক্তাক্ত লাশ দেখতে পায়। তারা থানায় খবর দিলে শনিবার ভোরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন উইমেননিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় রেজিয়ার বড় ভাই আবুল খায়ের বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা করেছেন।
