স্বজনদের নিয়ে প্রধানমন্ত্রীর ইফতার
প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৫ জুলাই ২০১৪ শনিবার | আপডেট: ০৬:৩৮ পিএম, ৫ জুলাই ২০১৪ শনিবার
| স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে ইফতার করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শুক্রবার তাঁর সরকারি বাসভবন গণভবনে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের জন্য এক ইফতার পার্টির আয়োজন করেন। প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে অতিথিদের বিভিন্ন টেবিলে যান। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশলাদি সম্পর্কে খোঁজ-খবর নেন। বিশিষ্ট অটিজম বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা এম সালাউদ্দিন আহমেদ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং ১৫ আগস্টে নিহতদের , মহান মুক্তিযুদ্ধে শহীদদের এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপি, মাহাবুব আরা গিনি এমপি, যুবলীগ চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি উপস্থিত ছিলেন। |
