নভেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন : তারানা হালিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম জানিয়েছেন, আগামী পহেলা নভেম্বর থেকে মোবাইল ফোন গ্রাহকের পরীক্ষামূলক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হবে এবং ১৬ ডিসেম্বর থেকে এ পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে সিম নিবন্ধন শুরু হবে।
মঙ্গলবার সচিবালয়ে মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহী, পরিচয় নিবন্ধন অনুবিভাগও বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি একথা বলেন। নিবন্ধন না করে অথবা ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মোবাইল ফোনের সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকের তথ্য যাচাইয়ের পাশাপাশি সিম পুনঃনিবন্ধনের নির্দেশনা জারি করে সরকার। এরপরই জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারের সাথে মিলিয়ে সিম গ্রাহকের তথ্য যাচাই শুরু হয়।
এ অবস্থায় মোবাইল ফোন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম জানান, দেশে প্রায় ১৩ কোটি গ্রাহকের মধ্যে সরকারকে এক কোটি গ্রাহকের তথ্য দিয়েছে সকল অপারেটর। দেশের নিরাপত্তার স্বার্থে এসএমএস পদ্ধতিতে সকল গ্রাহকের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া, আগামী পহেলা নভেম্বর থেকে হাত বা আঙ্গুলের ছাপসহ সকল তথ্য প্রদানের মাধ্যমে সিম নিবন্ধনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। সরকারের সকল সিদ্ধান্ত মেনে চলবে বলে সভায় মোবাইল ফোন অপারেটররা অঙ্গীকার করেন বলেও জানান প্রতিমন্ত্রী।
