দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১০ জুন ২০২০ বুধবার
দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ১০১২ জনের।
এই ভাইরাসে গত তিনদিন ধরে প্রতিদিনই ৪০ জনের ওপর মৃত্যু হচ্ছে। মৃতদের বেশিরভাগই ঢাকা শহর ও বিভাগের বাসিন্দা।
আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১৯০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৪ ৮৬৫ জন।
বাংলাদেশ জুন মাসের শুরু থেকেই প্রতিদিন দুই হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৯০ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫৬০টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৬৩ জন। মোট সুস্থ হয়েছে ১৫ হাজার ৮৯৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ১২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন।’
এর আগে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩ হাজার ১৭১ জন। তার আগের দিন সোমবার করোনায় আক্রান্ত হয় ২ হাজার ৭৩৬ জন, মৃত্যু হয় ৪২ জনের।
জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৮৮টি দেশ বা অঞ্চলের ৭২ লক্ষ ৪১ হাজার ৭৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১১ হাজার ২৯২ জনের।
