বয়স্ক-বিধবা-স্বামী পরিত্যক্তাদের জন্য বরাদ্দ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:১১ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
পুরানো ছবি
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন করে আরও ১১ লাখ ৫ হাজার মানুষকে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে সর্বাধিক দারিদ্র্যপ্রবণ ১০০টি উপজেলায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী সকল দরিদ্র প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতার আওতায় আনা হবে। এতে করে ৫ লাখ নতুন উপকারভোগী যোগ হবে এবং এ খাতে ৩০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘সর্বাধিক দারিদ্র্য প্রবণ ১০০টি উপজেলায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী সকল বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীকে বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতার আওতায় আনা হবে। এতে করে ৩ লাখ ৫০ হাজার নতুন উপকারভোগী যোগ হবে এবং এ খাতে ২১০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে।’
সংসদে অর্থমন্ত্রী বলেন, ‘সর্বশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ অনুযায়ী, ২ লাখ ৫৫ হাজার জন নতুন ভাতাভোগী যুক্ত করে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা ১৮ লাখে বৃদ্ধি করা হবে এবং এ বাবদ ২২৯ কোটি ৫০ লাখ টাকা অরিতিক্ত বরাদ্দের প্রয়োজন হবে।’
