দেশে ফিরেছেন যুক্তরাজ্যে আটকেপড়া ১৫৭ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে যুক্তরাজ্যে আটকেপড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার রাত ১২টা ৪৫ মিনিটে তাদেরকে দুবাই থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয়।
কোভিড-১৯ মহামারী থেকে রক্ষা পেতে লকডাউনের মধ্যে সড়ক-নদী ও বিমানপথে যোগাযোগ বন্ধ করে দেয় বিশ্বের বিভিন্ন দেশ। এই কারণে অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন। তাদের বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনছে বাংলাদেশ। এরই মধ্যে লন্ডন, সৌদি আরব, ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শতাধিক বাংলাদেশি ফিরেছেন।
এর আগে গতকাল শনিবার, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আটকেপড়া ৩৯১ বাংলাদেশি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। জানা গেছে, দুবাই থেকে দেশে ফেরার পর ৩৯১ জনের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
এর আগে শুক্রবার ইতালির রোম শহরে আটকে পড়া ২৮৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। তারও আগে ১১ জুন দোহা থেকে বাংলাদেশে আসেন ৪০৯ বাংলাদেশি। ৬ জুন মালদ্বীপ থেকে আসেন ২৬৫ বাংলাদেশি। ৩ জুন কুয়ালালামপুর থেকে ফেরেন ১৪০ বাংলাদেশি, ৩১ মে দুবাই থেকে আসেন ২৬২ বাংলাদেশি।
এদিকে প্রায় তিনমাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে আগামী ১৬ জুন থেকে। তবে প্রথম পর্যায়ে শুধু লন্ডন ও কাতার রুটে এই সীমিত পরিসরে ফ্লাইট চালু হবে। পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য দেশগুলো নিষেধাজ্ঞা তুলে নিলে সে সব দেশেও ফ্লাইট চালু হবে বলে জানা গেছে।
-জেডসি
