করোনায় বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ লাখ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১০ পিএম, ১৫ জুন ২০২০ সোমবার
করোনায় বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ লাখ
আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৮ লাখ ৯৩ হাজার ৭০০ জনে। এছাড়া, প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৯২২ জন। পাশাপাশি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ৩৭ লাখেরও বেশি মানুষ। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় এই তথ্য জানিয়েছে।
জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে সোমবার পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৭৩২ জনের। এছাড়া ব্রাজিলে আক্রান্ত হয়েছেন প্রায় ৯ লাখ মানুষ এবং মারা গেছেন ৪৩ হাজার ৩৩২ জন।
আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে ভারত, যুক্তরাজ্য এবং স্পেন।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর করোনাভাইরাসে মৃতের তালিয়ায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৮৩ জন।
এ দিকে, চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে যে দেশটিতে রবিবার নতুন করে আবারও ৪৯ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে, যার মধ্যে ৩৯ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। তবে সেখানে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
