ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:৩৫:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় একদিনে মৃত্যু অর্ধশত ছাড়াল, আক্রান্ত ৩৮৬২

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

দেশে করোনায় একদিনে মৃত্যু অর্ধশত ছাড়াল, আক্রান্ত ৩৮৬২

দেশে করোনায় একদিনে মৃত্যু অর্ধশত ছাড়াল, আক্রান্ত ৩৮৬২

দেশে করোনাভাইরাসে একদিনে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হলো। একদিনে ৫৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৬২ জনে। আর একদিনে এবং আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৬২ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ৮৬২ জন। শনাক্তের হার ২২ দশমিক ৪৪ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ২৩৭ জন। মোট সুস্থ হয়েছে ৩৬ হাজার ২৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৫৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ২৬২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন।’

বয়স বিশ্লেষণে করে তিনি বলেন,  ’১১ থেকে ২০ বছর ১ জন, ২১ থেকে ৩০ বছর ৩ জন, ৩১ থেকে ৪০ বছর ২ জন,  ৪১ থেকে ৫০ বছর ৯ জন, ৫১ থেকে ৬০ বছর ১৯ জন, ৬১ থেকে ৭০ বছর ১০ জন, ৭১ থেকে ৮০ বছর ৮ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ৩৪ জন, বাসায় ১৮ জন মারা গেছে এবং ১ জন হাসপাতালে মৃত অবস্থায় এসেছে’।

বিশ্ব পরিস্থিতি

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে ৪ লাখ ৩৬ হাজার ৩২২ জন মারা গেছেন বলে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে দেয়া তথ্যে জানা গেছে।

এছাড়া, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮০ লাখ ১৫ হাজার ৫০২ জনে। পাশাপাশি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ৩৮ লাখেরও বেশি মানুষ।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পর্যন্ত ২১ লাখ ১৩ হাজার ৩৭২ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৬ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮৮ হাজার ২৭১ এবং ৫ লাখ ৩৬ হাজার ৪৮৪ নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল ও রাশিয়া। আর চতুর্থ অবস্থানে ওঠে এসেছে দক্ষিণ এশিয়ার বড় দেশ ভারত। দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৪২৪ জন এবং মারা গেছেন ৯ হাজার ৫২৯ জন।

যুক্তরাষ্ট্র পর মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯৫৯ জনে। এছাড়া, যুক্তরাজ্যে তৃতীয় সর্বোচ্চ ৪২ হাজার ৮২১ জন, ইতালিতে ৩৪ হাজার ৩৭১ জন, ফ্রান্সে ২৯ হাজার ৪৩৯ জন এবং স্পেনে ২৭ হাজার ১৩৬ জন মানুষ মারা গেছেন।