করোনা: ভারতে একদিনে রেকর্ড ২০০৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতে প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশটিতে একদিনে ২ হাজারের বেশি জন মানুষ মারা গেছেন। এর আগে এখন পর্যন্ত একদিনে দেশটিতে মৃত্যুর সংখ্যা এক হাজারও ছাড়ায়নি কখনো। বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যার দিক থেকে ভারত এখন চার নম্বরে। মৃত্যুর দিক থেকে আট নম্বরে।এশিয়ায় সংখ্যার দিক থেকে ভারতের ধারে কাছেও নেই কোনো দেশ।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৯০৩ জন করোনায় মারা গেছে। একইসময়ে নতুন করোনা রোগী পাওয়া গেছে ১০ হাজার ৯৭৪ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট রোগী পাওয়া গেছে ৩ লাখ ৫৪ হাজার। যার মধ্যে এখন ভাইরাস আক্রান্ত আছেন ১ লাখ ৫৫ হাজার ২২৭ জন। সুস্থ হয়ে গেছেন ১ লাখ ৮৬ হাজার ৯৩৪ জন।
ভারতের মহারাষ্ট্র রাজ্যেই এখন পর্যন্ত ৫ হাজার ৫৩৭ জন করোনায় মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৪০৯ জনের। মৃত্যু বাড়ছে রাজধানী দিল্লিতেও। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। সবমিলিয়ে সেখানে ১ হাজার ৮৩৭ জন করোনায় মারা গেল।
এছাড়া গুজরাটে ১ হাজার ৫৩৩ জন, তামিলনাড়ুতে ৫২৮ জন, পশ্চিমবঙ্গে ৪৯৫ জন, মধ্যপ্রদেশে ৪৭৬ জন, উত্তরপ্রদেশে ৪১৭ জন, রাজস্থানে ৩০৮, তেলাঙ্গানায় ১৯১ জন ও হরিয়ানায় ১১৮ জনের মৃত্যু হয়েছে।
একদিনে এত বিপুল সংখ্যক মানুষ মৃত্যুর পাশাপাশি বেড়েছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ১০ হাজার ৯৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে ৩ লাখ ৫৪ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে ভারতে।
-জেডসি
