বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি সাড়ে ৪ লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু ও আক্রান্তের মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে হাজারও মানুষ। আজ বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ৪ লাখ ৫১ হাজার ২৫৬ মানুষ। আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ২৭০ জন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে আসা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানিয়েছে।
সবশেষ তথ্যে ওয়ার্ল্ডওমিটারস জানিয়েছে, বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশেরই বেশি যুক্তরাষ্ট্রের, দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ২০ হাজার ছুঁই ছুঁই, আক্রান্ত ২২ লাখ ৩৪ হাজার মানুষ। সাড়ে ৪৬ হাজারের বেশি মৃত্যু নিয়ে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাজ্য। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের মৃত্যু ৪২ হাজার ছাড়িয়েছে। ৩৪ হাজার ৪৪৮ মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে কানাডা। এর পরেই ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ৫৫৭ জন।
বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৪ লাখ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। এ তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ২২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল ৯ লাখ ৬০ হাজার। ৫ লাখ ৫৩ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে আছে রাশিয়া। এর পরেই ভারতে আক্রান্ত ৩ লাখ ৬৭ হাজারের বেশি লোক। দেশটিতে মারা গেছেন ১২ হাজার ২৬২ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যের আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই করছে।
এদিকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছুঁই ছুঁই করছে। এর মধ্যে মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২২ লাখ ৩৪ হাজার ৪৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৯৪১ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ২৯৩ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
-জেডসি
