ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৬:৫৬:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মালালা অক্সফোর্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২০ জুন ২০২০ শনিবার

মালালা ইউসুফজাই।  ফাইল ছবি

মালালা ইউসুফজাই। ফাইল ছবি

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন। দর্শন, রাজনীতি ও অর্থনীতির উপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেই টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন ২২ বছর বয়সী মালালা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, তার টুইটার পোস্টে দেখা গেছে, পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে ঘরোয়াভাবেই কেক কেটে স্নাতক হওয়ার আনন্দ উদযাপন করছেন তিনি।

টুইটারে পোস্ট করা ছবির ক্যাপশনে মালালা লিখেছেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন হলো। এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। সামনে কী আছে, তা এখনো জানি না। এই মুহূর্তে শুধু নেটফ্লিক্স, পড়া আর ঘুম নিয়েই আছি।’

প্রতিবেদনে বলা হয়, টুইটারে মালালার এই পোস্টে লেখক ও অক্সফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী ফিলিপ পুলম্যানসহ হাজারো মানুষ অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন।

যুক্তরাজ্য থেকে দুটি বিষয়ের ওপর স্নাতকোত্তর করা নাসার মহাকাশ অভিযাত্রী অ্যানে ম্যাকক্লেইন লিখছেন, ‘গ্র্যাজুয়েশন সম্পন্ন করায় তোমাকে অভিনন্দন, মালালা।’

পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা গুলি করে মালালার মাথায়। এরপর পাকিস্তান ও যুক্তরাজ্যের হাসপাতালে টানা ৪৯ দিন যুদ্ধ করেন জীবনের সঙ্গে। হারিয়ে দেন মৃত্যুকে।

২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি।