করোনা: ভারতে একদিনে রেকর্ড আক্রান্তের দিনে মৃত্যু ৪৬৫
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ফের করোনা সংক্রমণের রেকর্ড হল ভারতে। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫,৯৬৮ জন। এই সংক্রমণ এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। এর ফলে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়ে গিয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ২৪ জুন, বুধবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪,৫৬,১৮৩।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ১৪,৪৭৬। ভারতে করোনায় মৃত্যহার ৩.১৭ শতাংশ। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতে এখনও পৃথিবীর অন্যান্য উন্নত দেশের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা কম। ফলে উপসর্গহীন বা কম উপসর্গ থাকা অনেক রোগীরই খোঁজ মিলছে না। সেই রোগীদের খোঁজ মিললে বোঝা যেত দেশে করোনায় মৃত্যুহার ২ শতাংশের কম।
আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বাড়ছে। বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছেন ১০,৪৯৫ জন। অর্থাৎ ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ২,৫৮,৬৮৫। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৫৬.৭১ শতাংশ। অর্থাৎ ভারতে আক্রান্ত ব্যক্তিদের অর্ধেকের বেশি ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ১,৮৩,০২২।
ভারতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১,৩৯,০১০। অর্থাৎ দেশের মোট আক্রান্তের ৩০.৪৭ শতাংশ এই রাজ্যেই রয়েছে। মারাঠা প্রদেশে কোভিডে মারা গিয়েছেন ৬৫৩১ জন। অর্থাৎ দেশের মোট মৃত্যুর ৪৫.১২ শতাংশ এই দেশে হয়েছে। মহারাষ্ট্রের মধ্যে আবার আক্রান্ত ও মৃতের সংখ্যা সবথেকে বেশি বাণিজ্যনগরী মুম্বইয়ে।
মহারাষ্ট্রের পরেই আক্রান্তের সংখ্যা বেশি দিল্লিতে। রাজধানীতে আক্রান্ত হয়েছেন ৬৬,৬০২ জন। মৃত্যু হয়েছে ২৩০১ জনের। খুব একটা পিছিয়ে নেই তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬৪,৬০৩। মৃত্যু হয়েছে ৮৩৩ জনের। গুজরাতে আক্রান্ত হয়েছেন ২৮,৩৭১ জন। মারা গিয়েছেন ১৭১০ জন।
দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও গুজরাত, এই চার রাজ্য মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২,৯৮,৫৮৬। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৬৫.৪৫ শতাংশ। এই চার রাজ্য মিলিয়ে মোট ১১,৩৭৫ জনের মৃত্যু হয়েছে, যা দেশের মোট মৃত্যুর ৭৮.৫৮ শতাংশ। সূত্র: দ্য ওয়াল
-জেডসি
