ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৩:৪৪:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনা সংক্রমণ পাঁচ লাখ ছাড়াল, বেড়েছে মৃত্যুও

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার

ভারতে করোনা সংক্রমণ পাঁচ লাখ ছাড়াল, বেড়েছে মৃত্যুও

ভারতে করোনা সংক্রমণ পাঁচ লাখ ছাড়াল, বেড়েছে মৃত্যুও

ভারতে করোনাভাইরাসে সংক্রমণ পাঁচ লাখ ছাড়িয়ে গেল। চার থেকে পাঁচ লাখে পৌঁছাতে সময় লাগল মাত্র ৬ দিন। এ ভাবেই দেশে বেড়েছে কোভিডে আক্রান্তের সংখ্যা। দ্রুত হারে আক্রান্ত বৃদ্ধির এই পরিসংখ্যান প্রশাসন থেকে বিশেষজ্ঞ-চিকিৎসকদের চিন্তায় ফেলেছে।

এখন দেশটিতে লকডাউনের কঠোরতাও উঠে গেছে। লোকাল ট্রেন, মেট্রো এবং আন্তর্জাতিক উড়ান বাদে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় পুরোটাই চালু। তাই রাস্তাঘাটে ভিড়ও বেড়েছে। তার উপর এ ভাবে সংক্রমণ বাড়তে থাকলে শেষ পর্যন্ত তা কোথায় গিয়ে থামবে, সে নিয়ে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৫৫২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এক দিনে আক্রান্তের নিরিখে যা সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল পাঁচ লক্ষ আট হাজার ৯৫৩ জন।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুও ধারাবাহিক ভাবে বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮৪ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ১৫ হাজার ৬৮৫ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে সাত হাজার ১০৬ জনের। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী দিল্লিতে মৃত্যু ধারাবাহিক ভাবে বেড়েছে। করোনার প্রভাবে সেখানে মোট দু’হাজার ৪৯২ জনের মৃত্যু হল। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গেছে এক হাজার ৭৭১ জন। চলতি মাসে তামিলনাড়ুতেও ধারাবাহিক ভাবে বাড়ল করোনায় প্রাণহানি। যার জেরে বেশ কয়েকটি রাজ্যকে টপকে তালিকার উপরের দিকে উঠে এসেছে দক্ষিণের এই রাজ্য। সেখানে এখনও অবধি ৯৫৭ জনের মৃত্যু হয়েছে। এর পরই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ (৬৩০), পশ্চিমবঙ্গ (৬১৬) ও মধ্যপ্রদেশ (৫৪৬)। এ ছাড়া শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে রাজস্থান (৩৮০), তেলঙ্গানা (২৩৭), হরিয়ানা (২১১), কর্নাটক (১৮০), অন্ধ্রপ্রদেশ (১৪৮) ও পঞ্জাব (১২২)।