সুযোগ পেলে পথশিশুরাও জাতীয় দলে খেলতে পারবে: মেহের আফরোজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৭ সোমবার
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সুযোগ পেলে পথশিশুরাও জাতীয় দলে খেলতে পারবে। তারা সবাই যোগ্য এবং সক্ষম। সমাজের সকলের উচিৎ তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়া। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আমাদের শিশুরা কেন রাস্তায় ঘুরবে? একটা শিশুও রাস্তায় ঘুরবে না, একটা শিশুও মানবেতর জীবন যাপন করবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশ বাস্তবায়নে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহণে এক ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কার্যক্রম ও বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশ যৌথভাবে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, পথশিশুদের পুনর্বাসন করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসাবে ঢাকা শহরে চালু করা হয়েছে শেল্টার হোম। এ সমস্ত শেল্টার হোমে শিশুদের থাকা-খাওয়া, বিনোদন ও শিক্ষা কার্যক্রমের সুবিধা রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ ম স আরেফিন সিদ্দিকী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কার্যক্রমের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।
এই ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা শহরের প্রায় ১৪টি শেল্টার হোমের শিশুরা ১৪টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে দুইটি মেয়েশিশুদের দলও রয়েছে।
সোমবার সকালে জগন্নাথ হলের খেলার মাঠে পথশিশুদের এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিম বেগম। বালকদের মধ্যে ডিআইসি বয়েজ শেল্টার হোম চ্যাম্পিয়ন হয়। বালিকাদের মধ্যে বস্তি শিক্ষা কেন্দ্র চ্যাম্পিয়ন হয়। প্রতিমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
