দেশে আরও ৩৯ জনের প্রাণ গেলো করোনায়
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার
দেশে আরও ৩৯ জনের প্রাণ গেল করোনায়
দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৩৩ জন। সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৯৪০ জন।
আজ বৃহস্পতিবার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৮০টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৫৪৮টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৮৯টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি।
তিনি জানান, ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭৩৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৭৬ শতাংশ।
অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৮ শতাংশ।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৯ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৪৯৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৮ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১ হাজার ৯৭১ জন এবং নারী ৫২৫ জন।
