ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:১০:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা রোগীদের ৯৯ শতাংশই সুস্থ হওয়া সম্ভব!

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ, মারাও যাচ্ছেন অনেকে। এখনও কার্যকর কোনও ওষুধ বা প্রতিষেধকও আসেনি। তবে এতসব খারাপ খবরের মধ্যেও আশা দেখাচ্ছে একটি হিসাব, বর্তমানে আক্রান্ত করোনা রোগীদের মধ্যে ৯৯ শতাংশই মৃদু উপসর্গযুক্ত, অর্থাৎ অল্প অসুস্থ। যাদের সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই উজ্বল।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৮৬৫ জন। এদের মধ্যে ৮৬ লাখ ১২ হাজার ১৯৪ জনই সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ আক্রান্তদের মধ্যে সুস্থতার হার প্রায় ৫৯ দশমিক ৭০ শতাংশ।

বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৬ লাখ ৪ হাজার ৯১৭ জন, যা মোট আক্রান্তদের মধ্যে ৪ দশমিক ১৯ শতাংশ মাত্র।

ওয়েবসাইটটির হিসাবে, বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৫২ লাখ ৮ হাজার ৭৫৪ জন। এদের মধ্যে ৯৯ শতাংশ, অর্থাৎ ৫১ লাখ ৪৮ হাজার ৮৩৩ জনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। বাকি ৫৯ হাজার ৯২১ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

এরই মধ্যে বিশ্বের অন্তত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি। এতে ভুক্তভোগী দেশগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই একটি দেশেই আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন, মারা গেছেন ১ লাখ ৪২ হাজারেরও বেশি। তবে সুস্থতার সংখ্যাতেও এগিয়ে রয়েছে তারা। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৭ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

এছাড়া, ব্রাজিলে ২০ লাখ আক্রান্তের মধ্যে ১৩ লাখ সুস্থ এবং ভারতে ১০ লাখ করোনা রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় সাত লাখ মানুষ।

-জেডসি