ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:০৯:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা মহামারী বিশ্বের ভঙ্গুরতা প্রদর্শন করেছে: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানের মধ্যে অসমতা বজায় রাখার জন্য দায়ী করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ‘একটি অতিক্ষুদ্র ভাইরাস আমাদেরকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। এই মহামারী আমাদের বিশ্বের ভঙ্গুরতা প্রদর্শন করেছে।’

প্রাণঘাতী করোনার তাণ্ডবে নাকাল গোটা বিশ্ব। অতিক্ষুদ্র এই ভাইরাসের কাছে যেন অসহায় হয়ে পড়েছে বিশ্বের পরাশক্তিসহ সব দেশ। বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাও। ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো রাষ্ট্রগুলোও। এই ভাইরাসের প্রকোপে স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। ধ্বংসের দ্বারপ্রান্তে বিশ্ব বাণিজ্য।

বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব। এসময় তিনি আন্তর্জাতিক স্তরে শক্তি, সম্পদ এবং সুযোগকে আরও বিস্তৃত ও সুষ্ঠুভাবে ভাগ করে নেয়ার জন্য গ্লোবাল ডিলের আহবান জানান।

জাতিসংঘ মহাসচিব, ‘সাত দশকেরও বেশি আগে যেসব দেশগুলো শীর্ষে উঠে এসেছিল তারা আন্তর্জাতিক সংস্থাগুলোতে ক্ষমতার সম্পর্কের পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে অস্বীকৃতি জানিয়েছে। উচ্চ পর্যায় থেকেই বৈষম্য শুরু হয়েছে। বৈষম্য মোকাবিলায় তাদের সংস্কার করেই শুরু করতে হবে।’

তিনি বলেন, ‘এক ভাইরাস আমাদের হাঁটুতে নামিয়ে এনেছে। এ মহামারি বিশ্বের ভঙ্গুরতা তুলে ধরেছে। দারিদ্র্যদূরীকরণ এবং বৈষম্য সঙ্কুচিত করায় যেসব অঞ্চল অগ্রগতি করছিল, মাত্র কয়েক মাসের মধ্যেই তারা বহু বছর পিছিয়ে গেছে।’

বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে অসমতার সমালোচনা করে তিনি বলেন, ‘বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায় থেকে অসমতা শুরু হয়েছে। তাদের সংস্কারের মাধ্যমে অবশ্যই অসমতা দূর করত হবে।’

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৪ লাখ ২২ হাজার ১২৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৪ হাজার ৮১৯ জন। সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১১ হাজার ২৩৬ জন। সূত্র: এএফপি, রয়টার্স

-জেডসি