ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৩:৩৫:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্লাইমেট ভালনারেবল ফোরামের শুভেচ্ছা দূত হলেন পুতুল

ডেস্ক রিপোর্ট

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্লাইমেট ভলনারেবল ফোরাম (সিভিএফ) এর শুভেচ্ছা দূত হিসেবে মনোনয়ন দিয়েছে অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে।

আজ বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই ফোরাম সায়মা ওয়াজেদ ছাড়া আরও তিনজনকে শুভেচ্ছা দূত হিসেবে মনোনয়ন দিয়েছে। তারা হচ্ছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লোরেন লাগার্দা ও ডিআর কঙ্গো’র জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ টুসি মোপানো-মোপানো।

সিভিএফ থিমেটিক দূত হিসাবে তারা বিশ্বব্যাপী জলবায়ু সংকটের বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন স্টেকহোল্ডার, গোষ্ঠী এবং ভয়েসকে একত্রিত করার লক্ষ্যে কাজ করবেন। বিশেষত প্যারিস চুক্তির লক্ষ্য তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেড কমানোর জন্য সচেষ্ট করবেন।

গত ৯ জুন ক্লাইমেট ভলনারেবল ফোরামের (সিভিএফ) পরবর্তী সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী দুই বছর এ ফোরামের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশে অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন। সেই সঙ্গে তার পরিচালিত সূচনা ফাউন্ডেশন বাংলাদেশে মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। পুতুলের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজমের মতো অবহেলিত একটি বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অংশগ্রহণ করেন।

এছাড়া শেখ হাসিনা কন্যার অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশে ‘নিউরো ডেভলোপমেন্ট ডিজঅ্যাবিলিটি ট্রাস্ট অ্যাক্ট ২০১৩’ পাশ করা হয়। সেই সঙ্গে তার প্রদান করা পরামর্শের ওপর ভিত্তি করেই জাতিসংঘ বেশি কিছু সিদ্ধান্ত গ্রহণ করে।

বাংলাদেশে অটিজম বিষয়ক বিভিন্ন নীতি নির্ধারণে উল্লেখযোগ্য সাফল্য লাভের পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অটিজম বিষয়ক ‘শুভেচ্ছা দূত’ হিসেবে সায়মা ওয়াজেদ কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের ব্যারি ইউনিভার্সিটি থেকে ‘স্কুল সাইকোলজি’ বিভাগে বিশেষ ডিগ্রি অর্জন করেন সায়মা ওয়াজেদ। ক্ষমতাসীন আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) একজন ট্রাস্টি তিনি।

-জেডসি