ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২:২৯:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পদ্মার চরে ক্রীড়াপল্লী হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:৫১ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

সরকার খেলাধুলার মান উন্নয়নে পদ্মার চরে একটি ক্রীড়াপল্লী এবং অলিম্পিক কমপ্লেক্স গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে অবস্থিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এ ৪র্থ রোল বল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পদ্মা সেতু তৈরি হচ্ছে। সেই পদ্মার চরেই আমরা একটি উন্নতমানের ক্রীড়াপল্লী গড়ে তুলবো যেখানে বিভিন্ন ধরনের খেলাধূলা আয়োজন এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এমনকি একটি অলিম্পিক কমপ্লেক্সও আমরা ওখানে তৈরি করতে চাচ্ছি।’

আন্তর্জাতিক রোল বল ফেডারেশন (আইআরবিএফ) এর সহযোগিতায় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন প্রথম বারের মতো ঢাকায় বিশ্বকাপের এ প্রতিযোগিতার আয়োজন করে। ৪র্থ রোল বল বিশ্বকাপে প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক ৩৯টি দেশ ও সর্বোচ্চ ৬২৫ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৪র্থ রোল বল বিশ্বকাপের পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন ভারত এবং ইরানের হাতে প্রতিযোগিতার ট্রফি তুলে দেন।

এছাড়া তিনি খেলোয়াড়, আয়োজক এবং কর্মকর্তাদের মাঝেও ব্যক্তিগত ট্রফি বিতরণ করেন। ৪র্থ রোল বল বিশ্বকাপে ভারত পুরুষ ও মহিলা উভয় বিভাগেই শিরোপা জয় করেছে। আর উভয় বিভাগে রানার্সআপ হয়েছে ইরান। পুরুষ বিভাগে ইরানকে ৮-৭ গোলে এবং মহিলা বিভাগে ৬-৪ গোলে পরাজিত করে ভারত শিরোপা জয় করে। বাংলাদেশের ১৩ বছরের বয়েসের হৃদয় সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে। বাংলাদেশ পুরুষ দল প্রতিযাগিতায় ৪র্থ স্থান অধিকার করে।

গতবার বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক এবং ৪র্থ রোল বল বিশ্বকাপের আয়োজন কমিটির প্রধান মো. আবুল কালাম আজাদ বক্তৃতা করেন। এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল, আন্তর্জাতিক রোল বল ফেডারেশনের সভাপতি পেনিয়া কাবিঙ্গে এবং সাধারণ সম্পাদক রাজু ডাবাদে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।