বিশ্বে একদিনেই পৌনে ৩ লাখ শনাক্ত, মৃত্যু ৬৩০৯
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪০ এএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
স্বাস্থ্যবিধি না মানা ও গুরুত্বহীনতায় বিশ্বে আবারও ভয়াবহ তাণ্ডব চালাতে শুরু করেছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায়ও পৌনে ৩ লাখের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি।এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৬ হাজারের অধিক মানুষের।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫৬ লাখ ৫১ হাজার ৬০১ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৩৬ হাজার ৪৬৪ জন। সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৩৫ হাজার ২০৯ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৯৯১ জন। মারা গেছেন ৬৩০৯ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন প্রায় দুই লাখ মানুষ।
করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৬৯ হাজার ৯৯১ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৩৩ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৭৯ হাজার ৬১৭ জন।
করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২২ লাখ ৮৯ হাজার ৯৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৮৪ হাজার ২০৭ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৭০ হাজার ২৩৭ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১২ লাখ ৮৮ হাজার ১৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৬৪৫ জনের এবং সুস্থ হয়েছেন ৮ লাখ ১৭ হাজার ৫৯৩ জন।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৫ হাজার ৩৮ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৯২ জনের।
সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ১৬ হাজার ১১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮০১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১৯ হাজার ২০৮ জন।
-জেডসি
