সড়ক-মহাসড়কের পাশে পশুর হাট নয়: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
সড়ক-মহাসড়কের পাশে কোনো অবস্থাতেই পশুর হাট বসানো ও তিন চাকার যান চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৬ জুলাই) সরকারি বাসভবন থেকে ঈদকে সামনে রেখে গাজীপুরের সড়ক বিভাগ ও আইনপ্রয়োগকারী সংস্থার সাথে এক ভিডিও কনফারেন্সে তিনি এ নির্দেশ দেন।
এসময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফ্লাইওভারসহ অন্যান্য চলমান উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখতে আবারও নির্দেশ দেন সেতুমন্ত্রী। টঙ্গী হতে গাজীপুর চৌরাস্তা এবং বাইপাস,নবীনগর-চন্দ্রা, ভোগড়া-চন্দ্রা-কালিয়াকৈর-এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, তাহলে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে। এ সময় ঈদে সড়কপথ নিরাপদ রাখতে ঢাকা-ময়মনসিংহ, টাঙ্গাইল মহাসড়কে পুলিশি তৎপরতা বৃদ্ধির কথাও বলেন তিনি।
মন্ত্রী বলেন, ঈদের আগের ২ দিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই বিজেএমই’র সাথে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবেলার প্রস্তুতি নিতে হবে।
গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, সিটি মেয়র জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার শামসুন্নাহারসহ অনেকে।
-জেডসি
