ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২৩:৩৭:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চার মাসে দেশে করোনায় মৃত্যু ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিন বেড়েই চলেছে মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৭ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৫ জন মারা গেছেন।এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার জনে।আর নতুন ১ হাজার ৭৩১ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশের ৮১ ল্যাবে ১২ হাজার ৭১৪ জনের নমুনা পরীক্ষা করা হয় জানিয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, মৃতদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ৬ জন। যাদের মধ্যে ঢাকার ও চট্রগ্রামের রয়েছেন ৫ জন।  তাদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ২৬ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে ৮ জনের। তাছাড়া দেশ আক্রান্তের হার ২৩.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৫৫.৫৬ শতাংশ। নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭১৩ জন।

তিনি জানান, দেশে মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১৪৪৪ জন, চট্টগ্রামে ৭৩১, রাজশাহীতে ১৭৭, খুলনায় ২১২, বরিশালে ১১৫ জন, সিলেটে ১৪৪, রংপুরে ১১৩ জন, ময়মনসিংহে ৬৪ জন মারা গেছেন।

দেশে মোট মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছর বয়সী বছরের মধ্যে ৩০ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী বছরের মধ্যে ৮৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী বছরের মধ্যে ২০০ জন,  ৪১ থেকে ৫০ বছর বয়সী বছরের মধ্যে ৪২৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী বছরের মধ্যে ৮৬৯ জন, ৬০ বছরের বেশি বয়স্ক বছরের মধ্যে ১৩৭৪ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১৩ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৪ জন মারা গেছেন।

এই পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৩৫৮ জন আর নারী ৬৪২ জন।

ব্রিফিংয়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়ে অধ্যাপক নাসিমা বলেন, তরল খাবার, কুসুম গরম পানি ও আদা চা পান করবেন। সম্ভব হলে মৌসুমী ফল খাবেন ও ফুসফুসের ব্যায়াম করবেন। এ সময় ধূমপান ত্যাগ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এটি ফুসফুসের কার্যকারীতা নষ্ট করে দেয়।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

-জেডসি