ভারতে একদিনে রেকর্ড ৫৭,১১৭ জন করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
আক্রান্ত ও মত্যুর দিক বিবেচনা করলে এখন বিশ্বের করোনাভাইরাসের হটস্পট হচ্ছে ভারত। সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে আর শত শত মানুষ মৃত্যুবরণ করছেন। সংক্রমণের উল্লম্ফন কিছুইতে নিয়ন্ত্রণে আসছে না। দেশটির মোট শনাক্ত ছাড়িয়ে গেছে সাড়ে ১৭ লাখ।এর মধ্যে শনিবার দেশটিতে নতুন করে একদিনে সর্বোচ্চ ৫৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়, যা আগের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে।
রোববার সকালে দ্য হিন্দুর লাইভ আপডেট অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে করোনা শনাক্ত দাঁড়িয়েছে ১৭ লাখ ৫১ হাজার ৮৮৫ জনে। মোট মারা গেছেন ৩৭ হাজার ৪০৬ জন।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ১১৭ জন। এদিন মারা গেছেন ৭৬৪ জন।
ভারতে গত কয়েক দিন প্রতিদিনই ৫০ হাজারের বেশি করে রোগী শনাক্ত হচ্ছে। এমনকি একদিন ৫৭ হাজার ছাড়িয়ে গেছে শনাক্ত।
এনডিটিভি জানায়, ভারত ১৫ লাখ রোগী শনাক্ত হওয়ার মাত্র তিন দিন পর শুক্রবার ১৬ লাখ করোনা রোগীর গণ্ডি স্পর্শ করে।
দেশটিতে ১৬ লাখ করোনা রোগী শনাক্ত হতে সময় নেয় ১৮৩ দিন। গত ৩০ জানুয়ারি কেরালায় প্রথম রোগী শনাক্তের ১১০ দিন পর শনাক্তের সংখ্যা ১ লাখ স্পর্শ করেছিল।
কেবল জুলাই মাসেই ৬০ ভাগের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং মোট মৃত্যুর ৫০ ভাগই হয়েছে এই মাসে।
করোনা শনাক্তের দিক থেকে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতের অবস্থান তৃতীয়। আর মৃতের হিসেবে পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
-জেডসি
