বৈরুতে বিস্ফোরণ: পদত্যাগ করেছে লেবানন সরকার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৩ এএম, ১১ আগস্ট ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর জনবিক্ষোভের মুখে লেবানন সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছে। সোমবার সন্ধ্যায় জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী হাসান দিয়াব মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এসময় বৈরুত বিস্ফোরণের পেছনে দেশটির শক্তিশালী দুর্নীতির কাঠামোকে দায়ী করেন। তিনি বলেন, অপরাধ আর দুর্নীতি দেশের চেয়ে বড় হয়েছে।
এদিকে, সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। তবে নতুন মন্ত্রিপরিষদ গঠনের আগ পর্যন্ত হাসান দিয়াবকে অন্তর্বতী সরকারের দায়িত্ব পালন করতে বলেছেন।
এর আগে সোমবার আরও কিছু পরের দিকে পদত্যাগের ঘোষণা দেবে বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছিলেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। রয়টার্সকে হামাদ হাসান বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী হাসান দিয়াব নেতৃত্বাধীন সরকার পদত্যাগের ঘোষণা দেবে।
এদিকে দেশটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী তীব্র বিক্ষোভের মাঝে সোমবার দেশটির আরও দুজন মন্ত্রী পদত্যাগ করেন। এ নিয়ে দেশটির ৯ এমপি এবং মন্ত্রিসভার অন্তত চার সদস্য পদত্যাগ করেন।
গেল ৪ আগস্ট মঙ্গলবার একটি গুদামে বিস্ফোরণে প্রায় ২০০ মানুষের মৃত্যু এবং ছয় হাজারের বেশি মানুষ আহত হওয়ার পর লেবানন সরকারকে ব্যর্থতার দায় দিয়ে তাদের পতনের ডাকে আন্দোলনে নামে লেবাননবাসী। তুমুল বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনীর হামলায় রণক্ষেত্র পরিনত হয় রাজধানী। এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিন হাজার মানুষকে।
-জেডসি
