করোনায় মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়ালো
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১৩ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৪২ প্রাণ।এতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৫১৩ জনে। এছাড়া একই সময়ে আক্রান্ত হয়েছে আরো দুই হাজার ৯৯৫ জন। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।আর নতুন এক হাজার ১১৭ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৮৯ জন।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৪ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ।
প্রসঙ্গত, করোনার পরিস্থিতি নিয়ে শুরুর দিকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নিয়মিত প্রেস ব্রিফিং করা হতো। কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকলে একপর্যায়ে তা অনলাইনে শুরু হলেও সেই সময় সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ ছিল। তবে গত ৮ এপ্রিল গণমাধ্যমকর্মীদের প্রশ্ন করার সুযোগ বন্ধ হয়ে যায়। শুধু প্রতিদিন বেলা আড়াইটায় বুলেটিন চালু রাখা হয়েছিল।
ব্রিফিংয়ের শুরুতে আসতেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। পরে মাঝেমধ্যে এতে যুক্ত হতেন স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন পরিচালক আবুল কালাম আজাদ। পরে বুলেটিনে প্রায় প্রতিদিনই আসা শুরু করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানা। কিন্তু আজ থেকে করোনার ব্রিফিং করা হবে না বলে গতকাল বুলেটিন উপস্থাপনকালে জানান নাসিমা সুলতানা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে করোনা সংক্রমণ–সংক্রান্ত তথ্য দেয়া হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
-জেডসি
