ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ৫:৫৩:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনায় মৃত্যু অর্ধলাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৮ পিএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা অর্ধলাখ ছাড়িয়ে গেল। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে শনিবার এই গণ্ডি অতিক্রম করে দক্ষিণ এশিয়ার জনবহুল দেশটি। ভারতের সামনে থাকা বাকি তিনটি দেশ যথাক্রমে আমেরিকা, ব্রাজিল ও মেক্সিকো। এর মধ্যে আমেরিকা ও ব্রাজিল ১ লাখের গণ্ডি পার করেছে।

আজ রবিবার (১৬ আগস্ট) দ্য হিন্দু’র সকালের আপডেট অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ৮৯ হাজার ৬১৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫০ হাজার ৯৬ জন।

তবে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ জানায়, বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতে করোনায় মৃত্যুর হার তুলনামূলক কম। এমনকি বিশ্বে কোভিড মৃত্যুর যে হার, তার থেকেও ভারতে মৃত্যুহার কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুহার ৩ দশমিক ৫ শতাংশ। সেখানে ভারতে কোভিডে জাতীয় মৃত্যুর হার ১ দশমিক ৯ শতাংশ বলে দাবি দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের।

করোনা সংক্রমণের নিরিখে ভারত বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলের পরই রয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি। এই দুই দেশেই করোনায় মৃত্যুহার ভারতের থেকে বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ভারতে কোভিডে মৃত্যু ৫০ হাজারের গণ্ডি পেরোতে সামনে থাকা তিন দেশের তুলনায় বেশি সময় লেগেছে। ১২ মার্চ ভারতে প্রথম কোভিড মৃত্যুর উল্লেখ করা হয়। সেই দিন থেকে হিসাব করলে ১৫৬ দিন লেগেছে ৫০ হাজারের গণ্ডি অতিক্রম করতে।

অন্যদিকে আমেরিকার ৫০ হাজারের গণ্ডি অতিক্রম করতে লেগেছে মাত্র ২৩ দিন। ব্রাজিলে ৫০ হাজার মৃত্যু হতে সময় লেগেছে ৯৫ দিন। আর মেক্সিকোর সময় লেগেছে ১৪১ দিন।

-জেডসি