করোনায় একদিনে মৃত্যু ৩৭, শনাক্ত ২৫৯৫
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৩৭ প্রাণ। এতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৬৯৪ জনে। এছাড়া একই সময়ে আক্রান্ত হয়েছে আরো দুই হাজার ৫৯৫ জন। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৭৯ হাজার ১৪৪ জন।আর নতুন এক হাজার ৬৪১ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬০ হাজার ৫৯১ জন।ফলে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৫৩ জন।
আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৯৫ জন।রোগী শনাক্তের তুলনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৩ শতাংশ।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
-জেডসি
