কাউকে করোনার ভ্যাকসিন নিতে বাধ্য করা যাবে না: ফাউচি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিষয়ক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ডঃ অ্যান্টনি ফাউসি বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভ্যাকসিন সম্ভবত সবার জন্য বাধ্যতামূলক করা হবে না। যদি সাধারণ মানুষের মধ্যে কেউ এই টিকা নিতে অস্বীকৃতি জানায়, তখন আপনার কিছুই করার নেই। আপনি কাউকে ভ্যাকসিন নিতে বাধ্য করতে পারেন না।খবর বিবিসির।
অ্যান্টনি ফাউচি বলেন, আমার মনে হয় না একটা টিকাকে বাধ্যতামূলক করা হচ্ছে, বিশেষ করে সর্বসাধারণের জন্য, সেটা আপনি কখনো দেখবেন।
তার মন্তব্য অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনের কথার একেবারে বিপরীত। মরিসন বলেছিলেন, তিনি করোনাভাইরাস টিকা যতটা সম্ভব, সবার জন্য বাধ্যতামূলক করতে চান।
অস্ট্রেলিয়ার সরকার এরই মধ্যে অ্যাংলো-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে তাদের সম্ভাব্য কোভিড-১৯ টিকা উৎপাদনের জন্য। এই টিকাটি তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। টিকাটি নিয়ে তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফল এবছরের শেষে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ ৫ হাজার ২০৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩২৮ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৬৬৮ জন।গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৮৪২ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৩১২ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ।
-জেডসি
