গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত সর্বাধিক ভারতে
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১০ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু গত কয়েক দিন ধরে এই বৃদ্ধি সাংঘাতিক হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৯ হাজার ৬৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ, এর আগে দেশটিতে একদিনে এত সংখ্যক মানুষ কখনও করোনায় আক্রান্ত হয়নি। একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আক্রান্ত হয়েছে যথাক্রমে ৪৬ হাজার ৯৭৭ ও ৪৯ হাজার ২৯৮ জন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।এতে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুও ঠেকেছে প্রায় ৫৪ হাজারে।
আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই সুস্থও হচ্ছে প্রচুর মানুষ। দেশটির কর্তৃপক্ষ বলছে, সেখানে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান শুরু থেকেই আশাব্যঞ্জক। এখনও পর্যন্ত দেশটিতে মোট ২০ লাখ ৯৬ হাজার ৬৬৪ জন করোনা রোগী সুস্থ হয়েছে। অর্থাৎ আক্রান্তের প্রায় ৭৪ শতাংশই সুস্থ হয়েছে।
এদিকে আক্রান্তের পাশাপাশি ভারতে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ইতোমধ্যেই স্পেন, ফ্রান্স, ইতালি ও ব্রিটেনের মতো দেশকে পেছনে ফেলেছে ভারত। বৈশ্বিক মৃত্যুর দিক দিয়ে ভারতের অবস্থান এখন চতুর্থ। গত ২৪ ঘণ্টায়ও মৃত্যুর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে ভারতে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় ৯৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৫৩ হাজার ৮৬৬ জন করোনায় মারা গেলো। দেশটির মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৩ জনের। এছাড়া তামিলনাড়ুতে ৬ হাজার ১২৩, কর্নাটকে ৪ হাজার ৩২৭ ও দিল্লিতে ৪ হাজার ২৩৫ জনের মৃত্যু হয়েছে।
-জেডসি
