একসঙ্গে খেলা দেখবেন ডিলমা, ক্রিস্টিনা ও মেরকেল
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৩ জুলাই ২০১৪ রবিবার | আপডেট: ০৬:৩৭ এএম, ১৫ জুলাই ২০১৪ মঙ্গলবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: বিশ্বের তিন শক্তিধর নারী আজ একসঙ্গে হচ্ছেন। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও তে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর আর্জেন্টিনা বনাম জার্মানীর ফাইনাল খেলা দেখবেন তারা একসঙ্গে। আর এজন্য ব্রাজিলের রাষ্ট্রপ্রধান ডিলমা রওশেফের আমন্ত্রণে গত শুক্রবার ব্রাজিলে চলে এসেছেন জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মেরকেল। প্রতিবেশী রাষ্ট্র আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ক্রিচনার রোববার সকালেই রিও তে পৌঁছেছেন।
আজ গ্যালারির প্রধান আকর্ষণ থাকবেন বিশ্বের এই তিন শক্তিধর নারী। জানা গেছে, খেলা শুরু হওয়ার আগে সমাপনী অনুষ্ঠানেও থাকবেন তারা। উপভোগ করবেন পুরো অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কলম্বিয়ান রক তারকা শাকিরা। ডিলমা, এঞ্জেলা, ক্রিস্টিনা বিশ্বকাপের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান উপভোগ করার পর একইসঙ্গে বসে ফাইনাল খেলা উপভোগ করবেন।
স্বাগতিক ব্রাজিল সেমিফাইনালে ৭-১ গোলে জার্মানীর কাছে পরাজিত হয়ে ফাইনালে উঠতে ব্যর্থ হয়। এদিকে আর্জেন্টিনা ট্রাইব্রেকারে ৪-২ গোলে নেদারল্যান্ডকে পরাজিত করে ২৪ বছর পর ফাইনালে উঠে। ল্যাটিন আমেরিকান দেশ হিসাবে আজকের খেলায় আর্জেন্টিনার সমর্থনের পাল্লা ভারী হলেও খেলায় নৈপুণ্যের দিক থেকে জার্মানরা এগিয়ে আছে।
১৩.০৭.২০১৪ 