দেশে করোনায় মৃত্যু ৪ হাজার ছুঁই ছুঁই
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১০ পিএম, ২৪ আগস্ট ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৪২ প্রাণ। তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১১ জন।একই সময়ে আর নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪৮৫ জন।এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৯৭ হাজার ৮৩ জন।আর করোনায় মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৯৮৩ জনের।এর মধ্যে নতুন করে তিন হাজার ৭৮৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।
আজ সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৮২টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগের একজন, রংপুর বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের দুইজন।এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন এবং বাড়িতে মারা গেছে চারজন। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব নয়জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন ও ষাটোর্ধ্ব ১৯ জন।
এই পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ তিন হাজার ১৩৭ জন (৭৮ দশমিক ৭৬ শতাংশ) এবং নারী ৮৪৬ জন (২১ দশমিক ২৪ শতাংশ)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
-জেডসি
