ঢাকা, সোমবার ৩০, মার্চ ২০২৬ ১:২৪:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুক্তামণির অস্ত্রোপচার আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:০১ পিএম, ১১ আগস্ট ২০১৭ শুক্রবার

মুক্তামণির অস্ত্রোপচার আজ শনিবার। প্রস্তুত আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। ১০ বছর বয়সী ওই শিশুর প্রতি শুভকামনা জানাচ্ছেন দেশের বিশিষ্টজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, আগামীকাল সকাল ৮টায় মুক্তামণিকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হবে।

মেডিকেল বোর্ডের সব সদস্য সেখানে উপস্থিত থাকবেন। সামন্ত লাল সেন আরো জানান, অস্ত্রোপচারের সময় রক্ত লাগবে। ওই ব্যবস্থাও করা হয়েছে। সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সাতক্ষীরার শিশু মুক্তামণির বয়স যখন দেড় বছর, তখন ডান হাতে একটি টিউমারের মতো হয়। পরে তা ফুলে যেতে থাকে। পরে পুরো ডান হাতটি ফুলে বালিশের মতো হয়ে যায়। ওই হাত থেকে দুর্গন্ধও বের হতে থাকে। রোগটি তার বুক পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে মুক্তামণির বিষয়টি সবার নজরে আসে। গত ১১ জুলাই মুক্তামণিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মুক্তামণির জন্য গঠিত আট সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছে, মুক্তামণি একটি বিরল রোগে আক্রান্ত। এ রোগটির নাম ‘হাইপারকেরাটোসিস’। মুক্তামণির কাগজপত্র সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তবে ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মুক্তামণির অসুখ আরোগ্যযোগ্য নয়। তবে এখানেই মুক্তামণিকে ছেড়ে দেননি ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ ও সমন্বয়কারী সামন্ত লাল সেন জানিয়েছেন, মুক্তামণির জীবন রক্ষার্থে যদি তার রোগাক্রান্ত হাতটি কেটে ফেলতে হয়, তবে তাই করবেন তাঁরা। অবশ্য হাতটি রাখার আপ্রাণ চেষ্টা করা হবে।