ভারতে একদিনে ৬৭ হাজার করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১১ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
প্রতিবেশি ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোন লক্ষণ নেই। তুলনামূলকবাবে গত কয়েক দিনের চেয়ে মৃত্যুর সংখ্যাও বেড়েছে বুধবার। ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৬৭ হাজারের বেশি মানুষ। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২ লাখের বেশি। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ হাজারের বেশি মানুষ। ফলে সাড়ে ২৪ লাখের বেশি মানুষ ইতিমধ্যে সুস্থও হয়ে উঠেছেন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের বুলেটিন জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭ হাজার ১৫১ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ২৬ অগস্ট, বুধবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ১০৫৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ৫৯ হাজার ৪৪৯ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৮৪ শতাংশ। গতকালে তুলনায় এদিন মৃত্যুহার একই রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছেন ৬৩ হাজার ১৭৩ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৮ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৭৬.৩০ শতাংশ। এই সুস্থতার হার প্রতিদিনই বাড়ছে। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭ লাখ ০৭ হাজার ২৬৭ জন। মোট আক্রান্তের ২৩.৮৭ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন। এই অ্যাকটিভ রোগীর সংখ্যাও প্রতিদিন কমছে।
ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩ হাজার ৮২৩ জন। মহারাষ্ট্রে কোভিডে মারা গিয়েছেন ২২ হাজার ৭৯৪ জন। তবে এর মধ্যেই এই রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ১৪ হাজার ৭৯০ জন। অর্থাৎ এই মুহূর্তে মহারাষ্ট্রে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ২৩৯ জন।
আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৩০৩ জন। মৃত্যু হয়েছে ৬৭২১ জনের। আক্রান্তের সংখ্যায় তিন নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৬৩৯ জন। মৃত্যু হয়েছে ৩৪৬০ জনের। চার নম্বরে রয়েছে কর্নাটক। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৮২৬ জন। মৃত্যু হয়েছে ৪৯৫৮ জনের। পাঁচ নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৩৮৮ জন। মৃত্যু হয়েছে ৩০৫৯ জনের। ছ’নম্বরে রয়েছে দিল্লি। রাজধানীতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৭১ জন। মৃত্যু হয়েছে ৪৩৩০ জনের।
মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ ও দিল্লি, এই ছয় রাজ্যেই মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ পেরিয়ে গিয়েছে। এই রাজ্যগুলি মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২০ হাজার ৫০ জন। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৬৫.৫৫ শতাংশ। এই ছয় রাজ্য মিলিয়ে মোট ৪৫ হাজার ৩২২ জনের মৃত্যু হয়েছে, যা দেশের মোট মৃত্যুর ৭৬.২৪ শতাংশ।
-জেডসি
