করোনায় প্রাণ গেল আরো ৫৪ জনের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৫৪ প্রাণ। তাদের মধ্যে পুরুষ ৩৯ জন এবং নারী ১৫ জন। একই সময়ে আর নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫১৯ জন।এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন তিন লাখ দুই হাজার ১৪৭ জন।আর করোনায় মোট মৃত্যু হয়েছে চার হাজার ৮২ জনের।এর মধ্যে নতুন করে তিন হাজার ৪২৭ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৯০ হাজার ১৮৩ জন।
আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯১টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮৩৫টি নমুনা সংগ্রহ হয়। আগের নমুনাসহ মোট ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টিতে।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে মারা গেছেন ২৩ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৩ জন এবং বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৯ জন এবং বাড়িতে মারা গেছেন পাঁচজন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
-জেডসি
