দেশে করোনায় আরো ৪২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৪২ প্রাণ। তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৭ জন। একই সময়ে আর নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৯৭ জন।এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন তিন লাখ ১০ হাজার ৭৪৯ জন।আর করোনায় মোট মৃত্যু হয়েছে চার হাজার ২৪৮ জনের।এর মধ্যে নতুন করে তিন হাজার ৪৪ জনসহ মোট সুস্থ হয়েছেন দুই লাখ এক হাজার ৯০৭ জন।
আজ রবিবার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এক হাজার ৮৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৭ জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৭ জন, রংপুরে ৫ জন, ময়মনসিংহে ১ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের ২ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬০ বছরের ওপরে ২৪ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৫ দশমিক ৯০ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৭ শতাংশ।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
-জেডসি
