ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৭৮ হাজার, মৃত্যু ১০৪৫
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫০ এএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
যত দিন যাচ্ছে ভারতে ততই বেপরোয়া হয়ে উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এতে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৪৫ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬৬ হাজার ৩৩৩ জন।
এছাড়া ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৩৫৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ লাখ ১ হাজার ৯০৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২ হাজার ২৬ জন।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৪ হাজার ৯০৩ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৭ হাজার ৪১৮ জন, কর্ণাটকে ৫ হাজার ৮৩৭ জন এবং দিল্লিতে ৪ হাজার ৪৬২ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে জুলাইয়ের ১৬ তারিখ একদিনে মোট শনাক্ত হয়েছিলেন ৭৭ হাজার ২৯৯ জন। ভারত এই রেকর্ড ছাড়িয়ে যায় গত বৃহস্পতিবার। ভারতে এখন পর্যন্ত মোট ৩৬ লাখ ১৯ হাজার ১৬৯ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৬৪ হাজার ৬১৭ জনের।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬১ লাখ ৭৩ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৮৭ হাজার ২২৪ জন। সুস্থ ৩৪ লাখ ২৫ হাজার ৭২৩ জন। ব্রাজিলে ১ লাখ ২০ হাজার ৮৯৬ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৬২ হাজার ৩১১ জন। সুস্থ ৩০ লাখ ৩১ হাজার ৫৫৯ জন।
করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেওয়া রাশিয়ায় এখন পর্যন্ত ৯ লাখ ৯০ হাজার ৩২৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৭ হাজার ৯৩ জন। পাঁচ নম্বরে থাকা পেরুতে ৬ লাখ ৪৭ হাজার ১৬৬ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ২৮ হাজার ৭৮৮ জন।
মেক্সিকোয় শনাক্ত রোগী ৫ লাখ ৯৫ হাজার হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত ৬৪ হাজার ১৫৮ জন মারা গেছেন সেখানে।
-জেডসি
