দেশে একদিনে করোনায় মৃত্যু ৩৫, শনাক্ত ২৫৮২
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:২০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৩৫ প্রাণ। একই সময়ে আর নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৮২ জন জন।এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন তিন লাখ ১৭ হাজার ৫২৮ জন।আর করোনায় মোট মৃত্যু হয়েছে চার হাজার ৩৫১ জনের।এর মধ্যে নতুন করে দুই হাজার ৮৩৯ জনসহ মোট সুস্থ হয়েছেন দুই লাখ ১১ হাজার ১৬ জন।
আজ বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৩৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৬১৬।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ১২ জন ছিলেন। সবাই মারা যান হাসপাতালে। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব ২৪ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২২ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের চারজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন একজন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ৪০৮ জন (৭৮ দশমিক ৩৩ শতাংশ) এবং নারী ৯৪৩ জন (২১ দশমিক ৬৭ শতাংশ)।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
-জেডসি
