ইউএনও ওয়াহিদার জ্ঞান ফিরেছে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
ইউএনও ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরে এসেছে। বর্তমানে তাকে হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তার স্বাস্থ্যগত সার্বিক পরিস্থিতির বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে আসেনি। আরও পর্যবেক্ষণ শেষে মেডিকেল বোর্ড বসে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের উপ-পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, ইউএনও ওয়াহিদার মাথায় অস্ত্রোপচার শেষে রাতেই অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাতেই তার জ্ঞান ফিরে এসেছে। তিনি বর্তমানে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন।
তিনি জানান, এখনও তার শারীরিক অবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি। আগামীকাল শনিবার বিষয়ে মেডিকেল বোর্ডের সদস্যরা বসবেন। এরপর এ বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ৬ সদস্যের চিকিৎসক দল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ইউএনও ওয়াহিদার মাথায় জটিল অস্ত্রোপচার সম্পন্ন করে। অস্ত্রোপচার শেষেই তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তাৎক্ষণিকভাবে তার সেরে ওঠার বিষয়ে আশাবাদী হলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানানো হয়।
বুধবার দিনগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত করা হয়। এ সময় তার বাবাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পরে ইউএনও ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।
