ভারতে ২৪ ঘণ্টায় ৮৬ হাজার করোনা আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার
ভারতে ২৪ ঘণ্টায় ৮৬ হাজার করোনা আক্রান্ত
ভারতে দৈনিক করোনা সংক্রমণে যে ভাবে বাড়ছে তা রীতিমতো উদ্বেগের। গত পাঁচ দিন ধরে দেশটিতে যে সংখ্যক নতুন সংক্রমণ ধরা পড়েছে তা বিশ্বে সর্বোচ্চ।
গত দু’দিন ৮৩ হাজার থাকার পর আজ শনিবার তা ৮৬ হাজারে পৌঁছলো। সেই সঙ্গে গত দু’দিনের তুলনায় এক লাখ কম কোভিড পরীক্ষা হয়েছে। সংক্রমণ হারও আজ বেড়ে ৮ শতাংশ পার করেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৬ হাজার ৪৩২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৪০ লাখ ২৩ হাজার ১৭৯ জন।
ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫০ হাজার ৮৫৯ ও ৫০ হাজার ১৬৩ জন। গত ২০ দিন ধরেই আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন।
কিন্তু গত দু’দিনে ভারতে আক্রান্ত বৃদ্ধি ওই দু’টি দেশের তুলনায় অনেক বেশি হয়েছে। আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬২ লাখ ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪০ লাখ ৯১ হাজার।
মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের মতো রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ছে। উত্তরপ্রদেশেও দৈনিক সংক্রমণ বেড়েছে। তেলঙ্গানা, অসম, ওড়িশা, পঞ্জাব, হরিয়ানা, ছত্তীসগঢ়ের মতো রাজ্যে গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
দিল্লিতে গত মাসের দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল। কিন্তু শেষ কয়দিনে রাজধানীর দৈনিক আক্রান্ত আড়াই হাজার ছাড়াচ্ছে। বরং বিহার ও পশ্চিমবঙ্গে দৈনিক আক্রন্তের সংখ্যা একই গণ্ডিতে আবদ্ধ রয়েছে।
