নেত্রকোনায় ট্রলারডুবি: নারী-শিশুসহ ১১ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রাজনগরে গুমাই নদীতে ট্রলারডুবিতে পাঁচজন নারী ও পাঁচ শিশুসহ ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বড়খাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাদিসউজ্জামান।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) পৌনে ১০টার দিকে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালুবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর থেকে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালুবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচজন নারী ও পাঁচ শিশু রয়েছে।
এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
জেলার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
এর আগে ৫ আগস্ট জেলার মদন উপজেলার হাওরে নৌকাডুবির ঘটনায় ৭ শিশুসহ ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
-জেডসি
