পুনর্বাসন ছাড়া যৌনকর্মীদের উচ্ছেদ না করার দাবি
প্রকাশিত : ১১:১৩ এএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ১১:১৪ এএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : পুনর্বাসন ছাড়া যৌনকর্মীদের উচ্ছেদ না করার দাবি জানিয়েছে সেক্সওয়ার্কার্স নেটওয়ার্ক।
বৃহ্স্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ছোট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এসময় তারা ৫ দফা দাবি উত্থাপন করে।
দাবিগুলো হলো-
অপরিকল্পিতভাবে যৌনপল্লী উচ্ছেদ না করে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পেশায় আসা বন্ধ করার লক্ষে রাষ্ট্রকে র্দীঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ, বিকল্প জীবনের সুযোগ সৃষ্টি ছাড়া যৌনপল্লী উচ্ছেদ না করা, যৌনকর্মীদের প্রতি আইনের অপপ্রয়োগ রোধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি চুমকি বেগম, কোষাধ্যক্ষ ইভান আহমেদ কথা, সাবেক সভানেত্রী শাহনাজ বেগম, শাফিয়া আরেফিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য আলেয়া আক্তার লিলি বলেন, ‘গত ১৩ জুলাই ২০১৪ তারিখে টাঙ্গাইল শহরে অবস্থিত ২০০ বছরের পুরনো যৌনপল্লীটি অতর্কিতভাবে উচ্ছেদ করেন সেখানকার প্রভাবশালী একটি মহল। উচ্ছেদ বন্ধের জন্য যৌনকর্মীদের সংগঠন নারী মুক্তি সংঘের নেতারা ও কয়েকজন যৌনকর্মী সেখানকার প্রভাবশালীদের সাথে দেখা করে এভাবে হঠাৎ করে উচ্ছেদ না করার জন্য অনুরোধ করলেও তাতে কোনো কাজ হয়নি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘শোনা যাচ্ছে টাঙ্গাইলের স্থানীয় মেয়রের নজর পড়েছে এখানকার ৩০২ শতাংশ জমির ওপর। তাই তিনি টাঙ্গাইলের অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটিকে ব্যবহার করে এ জমিতে একটি হাউজিং সোসাইটি গড়ে তোলার স্বপ্ন দেখছেন। যার স্বপ্নের বলি হতে হয়েছে এখানকার যৌনকর্মীদের।’
তিনি বলেন, ‘এ যৌনপল্লীর ৮০৪টি ঘরে প্রায় ৯৫০ জন যৌনকর্মীর বসবাস ছিল। এখানে তারা তাদের শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। উচ্ছেদের ফলে তারা প্রাণ বাঁচানোর জন্য বিভিন্ন এলাকায় চলে গেছেন। কিন্তু কোথাও ঠাঁই হয়নি।’
এ অবস্থায় এভাবে যৌনপল্লী উচ্ছেদের পরিবর্তে সাধারণ জনগণ ও সুশীল সমাজকে সাথে নিয়ে যৌথ পরিকল্পনার মাধ্যমে যৌনকর্মী ও তাদের সন্তানদের সুস্থ ও সুন্দর জীবন মানের নিশ্চয়তা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
সংবাদসম্মেলনে জানানো হয়, আগামী রোববার সকাল ১১টায় সংগঠনের পক্ষ থেকে পুনর্বাসন ছাড়া যৌনপল্লী উচ্ছেদ না করার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হবে।
১৭.০৭.২০১৪ 