ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৯:১৬:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ১৬১ জনে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৭৫ জন।ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৯ হাজার ১৪৮ জনে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৬৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৪৬০টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৮১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৩১ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৭১৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭০ হাজার ৪৯১ জনে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৯৯৬ জন (৭৭ দশমিক ৪৩ শতাংশ) ও নারী এক হাজার ১৬৫ জন (২২ দশমিক ৫৭ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুই, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ২৩ জন।

বিভাগ অনুযায়ী, ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন, খুলনায় চারজন ও সিলেট বিভাগে দুইজন রয়েছেন।

-জেডসি